কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী সাঁতরে বিপুল পরিমাণ মাদকের চালান বাংলাদেশে পাচারের সময় এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (০১ জুলাই) গভীর রাতে শাহপরীরদ্বীপ জেটি সংলগ্ন নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত পাচারকারীর নাম জাগীর হোসেন (২৮)। সে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া (০৯ নম্বর ওয়ার্ড) এলাকার আব্দুল হকের ছেলে। বুধবার দুপুরে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে মায়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী পার হয়ে শাহপরীরদ্বীপ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এই তথ্যের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপির একটি দল রাত কৌশলগত অবস্থান নেয়।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে বিজিবির প্রযুক্তিগত (রাডার) পর্যবেক্ষণে নাফ নদীর মায়ানমার প্রান্তে একটি হস্তচালিত নৌকার সন্দেহজনক গতিবিধি শনাক্ত হয়। এর কিছুক্ষণের মধ্যে চাঁদের আলোয় এক ব্যক্তিকে দুটি প্লাস্টিকের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের সীমান্তের দিকে আসতে দেখে বিজিবির নৌটহল দল দ্রুত অভিযান চালিয়ে তাকে নদী থেকেই বস্তাসহ আটক করে।
পরবর্তীতে বিজিবি সদস্যরা তার সাথে থাকা বস্তা দুটি তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জাগীর হোসেন স্বীকার করেছে যে, সে মায়ানমারের ওই সন্দেহভাজন নৌকা থেকে ইয়াবার বস্তাসহ নদীতে নেমে সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, আটককৃত আসামি এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




মন্তব্য করুন