কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে পেটের ভেতরে লুকিয়ে পাচারকালে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ সদর হাসপাতাল এলাকায় এই অভিযান চালানো হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, এক ব্যক্তি পেটের ভেতরে ইয়াবা নিয়ে হাসপাতাল এলাকা থেকে পালকী বাস কাউন্টারের দিকে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল দ্রুত ওই এলাকায় অবস্থান নেয়। দুপুর আড়াইটার দিকে হাসপাতালের সামনে একটি সন্দেহজনক অটোরিকশা থামিয়ে বিজিবি সদস্যরা এক যাত্রীকে আটক করে।
আটককৃত যুবক মো. জাহিদুল্লাহ (১৯) প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের কথা অস্বীকার করলেও, তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে টেকনাফ সদর থানাধীন নাফ সীমান্ত প্যাথলজিতে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে করে তার পেটের ভেতরে অসংখ্য ডিম্বাকৃতির বস্তুর উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
পরে নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জাহিদুল্লাহ স্বীকার করে যে, তার পেটের ভেতরে কালো টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ৪০টি প্যাকেটে মোট ২ হাজার পিস ইয়াবা রয়েছে।
আটককৃত জাহিদুল্লাহ টেকনাফের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে সে জানায় যে, দীর্ঘদিন ধরে সে এই অভিনব কৌশলে ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
আটককৃত আসামি এবং জব্দকৃত ২ হাজার পিস ইয়াবা, একটি স্মার্টফোন এবং একটি পাওয়ার ব্যাংক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান পিএসসি।




মন্তব্য করুন