কক্সবাজারের টেকনাফে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবক ও এক স্থানীয় মোটরসাইকেল চালককে আটক করেছে র্যাব-১৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকার সিরাতুল মুস্তাকিম জামে মসজিদের সামনের পাকা রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন—টেকনাফ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের লেঙ্গুর বিল (জাহালিয়া পাড়া) এলাকার শমসু মিয়ার ছেলে মো. আজিজ খান (২৩) এবং হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৬ (ব্লক-এইচ/৩) এর বাসিন্দা মৃত হোসেন আহমেদের ছেলে রোহিঙ্গা নাগরিক নুরুল আমিন (৩৪), (এফসিএন নং-৪০৩৪৪৩)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কতিপয় মাদক কারবারি মোটরসাইকেল যোগে ইয়াবার একটি বড় চালান নিয়ে দরগারছড়া সিরাতুল মুস্তাকিম জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে যাবে।
ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’
এমন তথ্যের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল সকাল সোয়া ৯টার দিকে ওই স্থানে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। সকাল সাড়ে ৯টার দিকে মিঠা পানিরছড়া এলাকা থেকে একটি মোটরসাইকেলে দুই আরোহীকে আসতে দেখে থামার সিগন্যাল দেয় র্যাব।
তিনি আরও জানান, মোটরসাইকেলটি থামিয়ে আরোহী দুজন পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের পেছনে বসা নুরুল আমিনের ডান হাতে থাকা একটি হলুদ শপিং ব্যাগের ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।




মন্তব্য করুন