কক্সবাজারের টেকনাফে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে আনুমানিক ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে কোস্ট গার্ডের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে অটোরিকশার চালক গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১৮ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অটোরিকশার চালক গাড়িটি থামিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা পরিত্যক্ত সিএনজি অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া জব্দকৃত ইয়াবা ও সিএনজি অটোরিকশার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধ, চোরাচালান দমন ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এই ধরনের মাদকবিরোধী কঠোর অভিযান ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।




মন্তব্য করুন