কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে অভিনব কায়দায় মলদ্বারে লুকানো ১,৯৮২ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে হোয়াইক্যং বিওপি চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়।
বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি, জানান যে, দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে সন্দেহ হওয়ায় তা থামানো হয়। যাত্রীবেশে থাকা যুবক জাহাঙ্গীর আয়েসের (২৫) আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর তার মলদ্বারে ইয়াবা লুকানো থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে স্থানীয় একটি প্যাথলজিতে এক্স-রে করানো হলে তার শরীরে ইয়াবার প্যাকেটের উপস্থিতি নিশ্চিত হয়। ডাক্তারের সহায়তায় একটি বায়ুরোধী কালো প্যাকেটে মোড়ানো ১,৯৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দ্বিতীয় দিনেও সেন্টমার্টিনে যাচ্ছে ১ হাজার ৫৫৪ জন পর্যটক
আটককৃত জাহাঙ্গীর টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল রাজ্জাকের ছেলে। জিজ্ঞাসাবাদে সে জানায়, অধিক দামে বিক্রির উদ্দেশ্যে সে ইয়াবাগুলো টেকনাফ থেকে কক্সবাজারে নিয়ে যাচ্ছিল।
লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




মন্তব্য করুন