কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) ২ হাজার প্যাকেট সুপার সিরিয়ালসহ দুজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট, ২০২৫) রাতে রেজুখাল চেকপোস্টে একটি পিকআপ তল্লাশির সময় এই চোরাচালানকৃত পণ্যগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, রাত ১১টা ৪৫ মিনিটে রেজুখাল চেকপোস্টে কর্তব্যরত একটি টহল দল কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি পিকআপকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় পিকআপটির ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ডব্লিউএফপি’র ‘সুপার সিরিয়াল’ নামের খাদ্যসামগ্রীর ২ হাজার প্যাকেট পাওয়া যায়। এই প্যাকেটগুলোতে “বিক্রয়ের জন্য নহে” লেখা ছিল।
এ ঘটনায় পিকআপের দুই যাত্রী মো. জয়নাল আবেদীন (২৮) এবং মো. রাজিব হোসেন (২০) কে আটক করা হয়। আটককৃত জয়নাল আবেদীন চকরিয়ার সওদাগরঘোনা এবং রাজিব হোসেন মালুমঘাটের বাসিন্দা।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
এছাড়াও, চোরাচালানে ব্যবহৃত পিকআপটি এবং দুটি স্মার্ট মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। আটককৃত মালামালসহ আসামীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।




মন্তব্য করুন