
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – বাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো নির্দিষ্ট সরকার বা শাসনব্যবস্থার ওপর নির্ভর করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, যে কোনো দল বা সরকার ক্ষমতায় থাকুক না কেন, আমাদের সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও সম্মানের ওপর ভিত্তি করে গড়ে উঠবে। আমি বিশ্বাস করি, উভয় পক্ষই তাদের স্বার্থ বোঝে ও বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকা উচিত।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
তিনি আরও বলেন, আমরা শুধু আওয়ামী লীগের গত ১৫ বছর কেন দেখব? বিএনপির আমলেও (১৯৯৬-২০০১) তো দুই দেশের মধ্যে বাণিজ্য দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছিল। আমার মনে হয় না, সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হতে হবে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) ওমানের মাসকটে অনুষ্ঠিত অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেসময় বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের কিছু চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়, যার মধ্যে ছিল সংখ্যালঘু নির্যাতন, শেখ হাসিনার ভারত থেকে দেওয়া বক্তব্য, সীমান্ত হত্যা, জেলেদের প্রতি আচরণ ও আদানি বিদ্যুৎ প্রকল্প।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, এপ্রিলে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হতে পারে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ও সম্মেলনের আগেই এ বিষয়ে আলোচনা হবে।
তিনি আরও বলেন, জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে যে, অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু নির্যাতনে জড়িত ছিল না।
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ
তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে ও তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতকে অনুরোধ জানানো হয়েছে। ভারত যদি তাকে ফেরত নাও পাঠায়, তবে অন্তত তার বক্তব্যে কিছু বিধিনিষেধ আরোপ করা উচিত যাতে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি না হয়।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদির সাম্প্রতিক বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি ভারতের নিজস্ব বিষয়। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে, যা বাণিজ্য খাতে এরই মধ্যে প্রতিফলিত হয়েছে।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৫




মন্তব্য করুন