ট্রেনটন, ২৯ ডিসেম্বর – যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দুটি হেলিকপ্টার মাঝ আকাশে বিধ্বস্ত হয়ে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (২৮ ডিসেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।
কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল প্রায় ১১টা ২৫ মিনিটে হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের ওপর আকাশে হেলিকপ্টার দুটি পরস্পরের সঙ্গে সংঘর্ষে হয়।
হামোন্টন পুলিশের প্রধান কেভিন ফ্রিল জানান, বিমান দুর্ঘটনার খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার দ্রুত ঘূর্ণায়মান অবস্থায় মাটির দিকে আছড়ে পড়ছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস একটি হেলিকপ্টারে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, এটি ছিল আকাশে সংঘটিত একটি মুখোমুখি সংঘর্ষ। হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের ওপর এন্সট্রম এফ-২৮এ মডেলের একটি হেলিকপ্টারের সঙ্গে এন্সট্রম ২৮০সি মডেলের আরেকটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। প্রতিটি হেলিকপ্টারে কেবল পাইলটই ছিলেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান, আর অন্যজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
প্রায় ১৫ হাজার জনসংখ্যার শহর হামোন্টন নিউ জার্সির আটলান্টিক কাউন্টিতে অবস্থিত, যা ফিলাডেলফিয়া শহর থেকে প্রায় ৩৫ মাইল (৫৬ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে। শহরটি কৃষিভিত্তিক ঐতিহ্যের জন্য পরিচিত এবং এর কাছেই রয়েছে পাইনের ব্যারেন্স, যা এক মিলিয়নেরও বেশি একরজুড়ে বিস্তৃত একটি বনাঞ্চল।
পুলিশ প্রধান কেভিন ফ্রিল জানান, এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে দুর্ঘটনার তদন্ত করবে।
দেশটির আবহাওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকুওয়েদার জানিয়েছে দুর্ঘটনার সময় আকাশে আংশিক মেঘ থাকলেও বাতাস ছিল হালকা এবং দৃশ্যমানতা ভালো ছিল।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৯ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন