উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহর রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলে তাঁকে ছাত্রাবস্থায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল, চাকরিতে যোগদানের সময় ছাত্রলীগের ক্যাডার পরিচয় ধারণকারী এবং বর্তমানে বিএনপি রূপ ধারন করা কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করেছেন কক্সবাজার আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এম আবদুল মান্নান। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভিন্ন বাজার থেকে ১ কোটি ৬০ লাখ টাকা ঘুষ গ্রহণ এবং উচ্ছেদ অভিযানের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলেছেন তিনি।
উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় জনসাধারণ কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবদুল মান্নান। ওই অভিযানে প্রায় ১৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
সভায় তিনি বলেন, ‘উখিয়ার এসিল্যান্ড আবু আবদুল্লাহ বর্তমানে যেভাবে বিএনপির রূপ ধারণ করেছেন, তিনি মূলত সে রকম নন। তিনি ছাত্রাবস্থায় শিবিরের দায়িত্বশীল ছিলেন। পরে চাকরিতে যোগদানের সময় নিষিদ্ধ সংগঠন অর্থাৎ ছাত্রলীগের ক্যাডার পরিচয়ে নাকে খত দিয়ে চাকরিতে যোগদান করেছেন। বর্তমানে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে নব্য বিএনপির রূপ ধারণ করেছেন।’
আবু আবদুল্লাহর শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আপনি এইচএসসিতে চার সাবজেক্টে ফেল করা বিসিএস কর্মকর্তা। আর আপনি এখানে এসে আমাদের আইন শেখাচ্ছেন!’
চকরিয়ায় রাতের আঁধারে মশাল জ্বেলে ঝটিকা মিছিল যুবলীগ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক
এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ তুলে অ্যাডভোকেট আবদুল মান্নান বলেন, ‘আবু আবদুল্লাহ উখিয়ায় যোগদান করার পর থেকেই খায় খায় অবস্থা। খেতে খেতে তাঁর অবস্থা এমন হয়েছে, এখন মানুষের জোত-জমিও উচ্ছেদের নামে খেতে চান। তিনি কুতুপালং বাজার থেকে এক কোটি টাকা, উখিয়া দারোগা বাজার থেকে ২৫ লাখ টাকা এবং কোটবাজার থেকে ৩৫ লাখ টাকা ঘুষ নিয়েছেন। পালংখালী বাজার ও বালুখালী বাজার থেকেও নিয়মিত টাকা নিচ্ছেন।’
উখিয়া স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকলেও এসিল্যান্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আপনি দুর্নীতিবাজ না হলে উখিয়া স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকলেও আপনি এসব দেখেন না কেন?’
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর ইশারায় বালুখালী মরা গাছতলায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে দাবি করে এর পদ্ধতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই আইনজীবী। তিনি বলেন, ‘কাউকে নোটিশ না দিয়ে, সতর্ক না করে ভোররাতে আপনি উচ্ছেদ অভিযান চালানোর এখতিয়ার রাখেন না। আপনি কার সঙ্গে কী রকম আচরণ করতে হয়, তাও জানেন না।’
এ সময় তিনি দাবি করেন, আবু আবদুল্লাহর বিষয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসককে জানানো হয়েছে। জেলা প্রশাসকের কারণে আবু আবদুল্লাহ বেঁচে গেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘না হলে আপনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আমি মামলা করতাম।’
অভিযোগের বিষয়ে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আবদুল্লাহ বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। অবশিষ্ট স্থাপনাগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ উদ্যোগে সরিয়ে নিতে দুই দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা সরানো না হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অ্যাডভোকেট আবদুল মান্নানের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি তাঁর সব অভিযোগ অস্বীকার করছি। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। সরকারি বৈধ কার্যক্রম বাধাগ্রস্ত করতে এসব অভিযোগ তোলা হচ্ছে এবং অপপ্রচার চালানো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘অভিযোগগুলো যেহেতু তিনিই তুলেছেন, নিশ্চয়ই তাঁর কাছে পর্যাপ্ত প্রমাণ আছে। অভিযোগকারী যদি অভিযোগগুলো প্রমাণ করতে না পারেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অধিকারও আমার রয়েছে।’
আবু আবদুল্লাহ জানান, বিষয়টি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন। অভিযোগকারীর বিরুদ্ধে মানহানির মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে। সরকারি জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম যথাযথ নিয়ম মেনেই অব্যাহত থাকবে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: শিবির থেকে ছাত্রলীগ, এখন বিএনপি’—উখিয়ার এসিল্যান্ডকে নিয়ে বিতর্কের শেষ নেই! সম্পর্কিত তথ্য কী?
উত্তর: উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহর রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলে তাঁকে ছাত্রাবস্থায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল, । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন