কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানের সময় গুলিতে সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ছয় আসামির মধ্যে চারজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় মানবপাচারের শিকার পাঁচ ভুক্তভোগীর জবানবন্দিও গ্রহণ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমুল হাসান শুনানি শেষে এ আদেশ দেন। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহাজাহান ইলাহী নূরী।
আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ছয় আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
পাশাপাশি মামলার পাঁচ ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ করেন বিচারক। আদালতে সোপর্দ করা ছয় আসামি হলেন—২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাছা মিয়ার ছেলে মোহাম্মদ (৪২),টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার কবির আহমদের ছেলে হানিফ (৪০), ২৬ নম্বর ক্যাম্পের জি-৫ ব্লকের মৃত বশির উল্লাহর ছেলে মো. শফিউল্লাহ (৩২), উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পের ই ব্লকের মো. হাসান (২০), একই ক্যাম্পের ই-১ ব্লকের থাইংখালী এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. আরজ (১৯) এবং টেকনাফের মুচনি নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের মো. সোফাইলের ছেলে ওমর ফারুক (১৫)।
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনী-এপিবিএনের যৌথ অভিযান, পিস্তলসহ অস্ত্র উদ্ধার
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা ছয় আসামির ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত চারজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
তাঁদের পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর সন্ধ্যায় টেকনাফের রঙ্গীখালী ও লেদা রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সেনাসদস্য তিতাস শেখ (২৭) বাঁ কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
পরে তাঁকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. তিতাস শেখ সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য ছিলেন। তিনি টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে সেনাসদস্য হত্যা: চার আসামির পাঁচ দিন করে রিমান্ড, আদালতে পাঁচ ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানের সময় গুলিতে সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ছয় আসামির মধ্যে চা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন