ওয়াশিংটন, ৩০ ডিসেম্বর – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন এবং গাজায় অস্ত্র সমর্পণ না করলে হামাসকে চরম মূল্য দিতে হবে বলেও সতর্ক করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প।
ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর যদি ইরান আবার পারমাণবিক কর্মসূচি বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করে, তবে তা সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে ইসরায়েলের সঙ্গে কোনো মতবিরোধ নেই বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েল তার প্রতিশ্রুতি রক্ষা করেছে, এখন দায়িত্ব হামাসের।
ট্রাম্প বলেন, চুক্তি অনুযায়ী যদি হামাস অস্ত্র সমর্পণ না করে, তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। খুব অল্প সময়ের মধ্যেই তাদের নিরস্ত্র হতে হবে।
এর আগে সোমবারই হামাসের সশস্ত্র শাখা জানায়, তারা কোনো অবস্থাতেই তাদের অস্ত্র ছাড়বে না।
নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা ট্রাম্প জানান, গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠন এবং সেখানে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ৩০ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন