ক্যালিফোর্নিয়ার আকাশে সন্ধে নামলেই উপসাগরের জলে নীলাভ পর্দা নামে। ডামবার্টন ব্রিজ পেরোলে শোঁ শোঁ বাতাস শহরকে মনে করায় যে সিলিকন ভ্যালির হৃদস্পন্দন শুধু সার্ভারঘরে নয়, আছে বাড়ির গ্যারেজে, রান্নাঘরের আলোয়, স্কুলের সামনে গাড়ির সারিতে। লেক এলিজাবেথের ধারে আলতো রোদে এই উপত্যকা বহু জীবনের রঙ একসঙ্গে বেঁধে রাখে। সকাল হলে কেউ যায় টেসলার শিফটে, কেউ ধরে বার্ট (BART)। অ্যামাজন (Amazon), ইন্টেল (Intel), গুগল (Google)–এর দিকে ছুটে চলে শাটল; চাকার ছন্দে শহর নিজের তাল তোলে। সেই তালে কত গল্প জন্মায়, আবার নিভেও যায়।
রুমানা আক্তার মনিকা। জন্ম নরসিংদীর রায়পুরা উপজেলার এক নিভৃত গ্রামে। বাবা মো. আক্তার হোসেন সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত, মা শামসুন্নাহার বেগম প্রেরণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে স্নাতক শেষে গ্রামীণফোনে ইন্টার্নশিপ ছিল বাংলাদেশের অধ্যায়।
মেহেদী হাসান। সিলেটের জৈন্তা উপজেলার হরিপুরে জন্ম। বাবা আব্দুল হাসান ব্যবসায়ী; মা নাসিমা বেগম গৃহিণী। পরিবারের দুই ভাই থাকেন ইংল্যান্ডে। পড়াশোনার খোঁজে তিনি ২০০৯ সালে F-1 ভিসায় টেক্সাসে আসেন। ইউনিভার্সিটি অব টেক্সাস, অ্যারিংটনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেন। সেখান থেকেই তার নতুন পৃথিবীর দরজা খুলে যায়।
কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক
মনিকা আর মেহেদীর পরিচয় ২০১৩ সালে, ফেসবুকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ সেমিস্টারের পরে মনিকার পোস্টে মেহেদীর একটি “কনগ্র্যাচুলেশনস” থেকে আলাপ শুরু। তারপর কথায় কথায় বাড়ে পরিচয়-উদাস রাত, বই, পরিবার, গ্রাম-শহর, ভবিষ্যৎ। ডিসেম্বর ২০১৩-তে ঢাকার এক রেস্তোরাঁয় তাদের বাগদান। এরপর ১৪ ফেব্রুয়ারি ২০১৪, ভ্যালেন্টাইনস ডে-তে গুলশানের একটি ব্যাংকোয়েট হলে বিয়ে। দুটি তারিখ, দুটি স্বাক্ষর; তখন মনে হয়েছিল ভালোবাসা ও দায়বদ্ধতার সুন্দর সমাহার।
বিয়ের পর অর্থাৎ ২০১৪ সালে পাকা হয় মেহেদীর চাকরি। ২০১৫-তে মনিকা H-4 ভিসায় সান হোসেতে পৌঁছেন। ২০১৫-২০১৮ সান হোসে স্টেট ইউনিভার্সিটিতে তার M.S. (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং)। দিনশেষে অ্যাসাইনমেন্ট, সপ্তাহান্তে ফ্রেমন্টের বাজার, রাতে Skype-এ বাবা ও মায়ের সঙ্গে ফোনালাপ, এই ছিল তাল। ২০১৮-এর দিকে অ্যামাজনে সিনিয়র ডেভেলপার হিসেবে যোগ দেন মনিকা। ২০১৯-এ মেহেদী ইন্টেলে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। এর মাঝেই ২০১৬-র ১৫ জুন জন্ম নেয় তাদের সন্তান ফাহাদ হাসান।
অভিবাসী জীবনের প্রথম পর্ব সিনেমার মোনটাজের মতো। নতুন ফার্নিচার, সেকেন্ড-হ্যান্ড গাড়ি, ক্রেডিট হিস্ট্রি গড়ার কৌশল; শিশুর প্রথম ডে-কেয়ার, অফিসের প্রথম রিভিউ। ঠিক এই সময়ে কোথাও কোথাও জমতে থাকে অদৃশ্য ফাটল। ২০২০-র জুলাইয়ে কোভিডের ধাক্কায় মেহেদীর চাকরি চলে যায়। সেই বছরের অক্টোবরে মনিকার প্রমোশন হয় অ্যামাজনে। একটি রেখা উঠছে, আরেকটি নামছে। এই দ্বিরেখায় অনাহূত তৃতীয় রেখা ঢুকে পড়ে। যেটা অস্থিরতা।
ডিসেম্বর ২০২০-প্রথম পুলিশ রিপোর্ট। প্রতিবেশীরা আগে শুনলেন ঝগড়ার উত্তাপ, তারপর হঠাৎ এক নিস্তব্ধতা। ফ্রেমন্ট পুলিশ এসে “ডমেস্টিক ব্যাটারি” ফর্মে টিক দিল। সেফটি প্ল্যান দেখাল, কয়েকটি নম্বর দিল। কিন্তু কাগজের সতর্কতা আর শ্বাসের উত্তাপ একসঙ্গে বহন করা সহজ নয়। তবু মনিকা চেষ্টা চালালেন শিশুর চোখের দিকে তাকিয়ে।
১৮ মার্চ ২০২১ আবার পুলিশ এলো। মেহেদীকে আটক করে নিয়ে গেল। রিপোর্টে লেখা ছিল ‘উচ্চ ঝুঁকিপূর্ণ শিকার’। তবু আদালত নিয়মমাফিক জামিন দিল। ১৮ থেকে ২৩ মার্চের মাঝখানে ছিল মাত্র পাঁচ দিন। এই অল্প সময়েই মনিকাকে নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নিতে হলো: বাসা বদলাবেন, নাকি সাময়িকভাবে কোনো আত্মীয়ের বাড়ি বা সেফ হাউজে উঠবেন; অফিস ও সন্তানের স্কুলকে জানাবেন, নাকি একটু স্থির হয়ে পরিস্থিতি দেখবেন। অভিবাসী নারীদের ক্ষেত্রে ভারটি আরও বড়। ইমিগ্রেশন কাগজে স্বামীর নাম, ব্যাংকের যৌথ সই, আর সমাজের অদৃশ্য চাপ বারবার পথ রোধ করে।
২৩ মার্চ ২০২১-ফ্রেমন্টের সেই বাড়ির গ্যারেজে সময় থেমে গেল। গ্যারেজ-বাড়ির আশ্রয় আর বাইরের পথের মাঝের সীমানা। সেখানে কী ঘটেছিল, বিশদ বলার দরকার নেই। শুধু জানা থাকুক-দীর্ঘদিন চাপা থাকা একটি ‘না’-রও ভয়াবহ মূল্য আছে। হলুদ টেপ ঘিরে ফেলল বাড়ি। প্রতিবেশীদের মুখে পড়ল অবিশ্বাসের ছাপ। আর এক শিশুর কোমল পৃথিবী মুহূর্তে ঝনঝন শব্দে কেঁপে উঠল।
পরদিন জানা গেল, সান লিয়ান্দ্রোর দিকে পালিয়ে গিয়ে মেহেদী আত্মসমর্পণ করেছেন। আদালত, জেরা, প্রমাণ, সব ধীরে ধীরে নিজের গতি পেল। ২০২৩ সালের জানুয়ারিতে তিনি দ্বিতীয় ডিগ্রি হত্যায় দোষী সাব্যস্ত হলেন। ১০ মার্চ ঘোষিত হলো তার সাজা: ২৬ বছর থেকে আজীবন সশ্রম কারাদণ্ড।




মন্তব্য করুন