টাঙ্গাইল, ৩০ ডিসেম্বর – আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, এই নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে প্রতিযোগিতা রয়েছে।
কোনো ষড়যন্ত্রই এই নির্বাচনে আঘাত করতে পারবে না। জনগণই মোকাবিলা করবে এবং তারাই প্রতিরোধ করবে।
বিএনপির অসহযোগ আন্দোলন সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং সবার অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশের মানুষ হরতাল অবরোধ ভুলে গেছে।
আগামী ৩ জানুয়ারি ভার্চ্যুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলের পৌর উদ্যানে জনসভায় যুক্ত হওয়ার প্রস্তুতি নিয়ে শনিবার দুপুরে পরিদর্শনকালে কৃষিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আইনশৃঙ্খলা রক্ষায় ৬৪ জেলায় বাড়তি পুলিশ ও গোয়েন্দা নজরদারির কড়া নির্দেশ আইজিপির
তিনি আরও বলেন, ২০১৪ সালে তাদের সন্ত্রাস ও সহিংসতা সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। ভাবতেও পারিনি তারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করবে, রেল লাইন তুলে দেবে, স্কুলের কেন্দ্রে গিয়ে আগুন লাগাবে। ২০১৪ এবং ২৩ সালের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এবার তারা নির্বাচনের দিন কোনো সন্ত্রাস করতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের অনেক নির্দেশনা রয়েছে। সব মানুষের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, টাঙ্গাইলে ৮টি আসনেই নৌকা জয়যুক্ত হবে। টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী গড়ে তোলা হবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, টাঙ্গাইল-৩ আসনের নৌকার প্রার্থী ড. কামরুল হাসান খান, টাঙ্গাইল-৫ আসনের নৌকার প্রার্থী মামুন-অর-রশিদ, টাঙ্গাইল পৌর সভার মেয়র সিরাজুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলানিউজ
আইএ/ ৩০ ডিসেম্বর ২০২৩




মন্তব্য করুন