ঢাকা, ১৬ সেপ্টেম্বর – বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম, এবার সোনার দামে নতুন রেকর্ড হয়েছে। এতে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৬৮০ ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম রয়টার্স।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৮০ দশমিক ৮০ ডলারে, যা সেশনের শুরুতে পৌঁছেছিল রেকর্ড ৩ হাজার ৬৮৫ দশমিক ৩৯ ডলারে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৯ ডলারে।
ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা
বিশেষজ্ঞদের ভাষ্যমতে, মার্কিন ডলার দুর্বল হওয়া এবং বন্ড ইল্ড কমে যাওয়ায় বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদের দিকে ঝুঁকছেন। একই সঙ্গে, ফেডারেল রিজার্ভের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে বিনিয়োগকারীরা বাজারে তাদের অবস্থান ঠিক করছে, যা বছরের বাকি সময়ের জন্য দিশা নির্ধারণ করবে।
প্রতিবেদনে বলা হয়, ডলার সূচক ০.৩ শতাংশ কমে এক সপ্তাহের সর্বনিম্নে পৌঁছেছে, যা অন্যান্য মুদ্রাধারীদের জন্য সোনাকে আরও আকর্ষণীয় করেছে। একই সঙ্গে মার্কিন ১০-বছরের ট্রেজারি ইল্ডও কমছে।
সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, বাজার প্রায় নিশ্চিত যে ফেড বুধবার ২৫ বেসিস-পয়েন্ট সুদের হার কমাবে, যা হবে গত ডিসেম্বরের পর প্রথম সুদ হার কমানো। তবে কিছু বিনিয়োগকারী ৫০ বেসিস-পয়েন্টের বড় পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন।
গত সপ্তাহের তথ্য দেখা গেছে, আগস্টে মার্কিন ভোক্তা মূল্য সাত মাসের মধ্যে সবচেয়ে দ্রুত বেড়েছে। অন্যদিকে সাম্প্রতিক চাকরির তথ্য শ্রমবাজারের দুর্বলতার ইঙ্গিত দেয়, যা ফেডকে সুদের হার কমানোর পথে রাখছে।
এদিকে, সপ্তাহান্তে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, চীন সোনা আমদানি ও রফতানির নিয়ম শিথিল করতে পারে। এর ফলে সরকারি ও বেসরকারি উভয় পক্ষের চাহিদা বেড়েছে, যা সোনার দাম বৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে, জানিয়েছেন স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওং।
অন্যদিকে, স্পট সিলভারের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪২ দশমিক ৬২ ডলারে, প্লাটিনামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪০০ দশমিক ৭৭ ডলারে এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ১৯৩ দশমিক ২১ ডলারে বেচাকেনা হচ্ছে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৬ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন