ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি এই শ্রদ্ধা জানান। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ব্যক্তিগতভাবে এবং পরবর্তীতে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
সাভারে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করার কথা রয়েছে।
এরপর প্রধানমন্ত্রী সচিবালয়ে যাবেন। সেখানে বিকালে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন সরকারপ্রধান।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করেন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা।







