আইন অমান্য করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার সময় ১৯টি ফিশিং বোটসহ ১২২ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরছে। এই তথ্যের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরীর একটি দল অভিযান পরিচালনা করে।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
অভিযান চলাকালে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা হতে জালিয়াপাড়া পর্যন্ত মিয়ানমার সীমান্ত এলাকায় মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে প্রবেশ করা ১৯টি বাংলাদেশি ফিশিং বোটসহ মোট ১২২ জন জেলেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা নাগরিক।
কোস্ট গার্ড আরও জানায়, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে বাংলাদেশি ফিশিং বোটগুলো অতিরিক্ত পরিমাণে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করছে, যার ফলে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের বোটসহ আটক করে নিয়ে যাচ্ছে।
আটককৃত জেলে ও জব্দকৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জেলেদের নিরাপত্তায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




মন্তব্য করুন