ঢাকা, ০৪ সেপ্টেম্বর – গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও গুরুতর আঘাতের ঘটনা তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এ কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
তিন সদস্যের এ কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজা। কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য এক মাস বা ৩০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।
কমিশন গত ২৯ আগস্ট নুরুল হক নুরের ওপর হামলা এবং গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত এবং উল্লিখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সুপারিশ করবে।
গত ২ সেপ্টেম্বর এ কমিশন গঠনের কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নুরুল হক গুরুতর আহত হন। তার মাথায় আঘাত লেগেছে এবং নাকের হাড় ভেঙে গেছে। তিনি এর পর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
নুরুলকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৪ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন