ঢাকা, ১৭ অক্টোবর – শেষ মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের মতভিন্নতার পরও অবশেষে বহুল প্রত্যাশিত ‘জুলাই জাতীয় সনদ’ আজ স্বাক্ষর হবে। এ উপলক্ষে জাতীয় ঐকমত্য কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সাজানো হয়েছে নতুন সাজে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় ঐতিহাসিক জুলাই সনদ ২০২৫- এর স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সদস্যরা এবং রাজনৈতিক দলগুলোর দুজন করে প্রতিনিধি এই সনদে সই করবেন।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা। এরই অংশ হিসেবে অনুষ্ঠান চলাকালে সংসদ এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে সরকার।
এদিকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ বার্তা প্রচার করা হয়েছে।
ওই বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আমরা দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের আহ্বান জানাচ্ছি। দেশের প্রতিটি মানুষকে বলছি- আপনি যেখানেই থাকুন, ঘরে বা পথে, দোকানে, কারখানায়, মাঠে বা খেলাধুলার প্রাঙ্গণে- এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন। রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা সত্ত্বেও আমরা সবাই এক ও অভিন্ন জাতি।
গত ১৬ আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। তবে ওই খসড়ায় কিছু ত্রুটি থাকায়, তা সংশোধন করে নির্ভুল খসড়া পাঠানো হয়। এরপর গত ২০ আগস্ট ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে খসড়াটির ওপর যে কোনো ধরনের মতামত দেওয়ার সময় ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। এরপর আবারও জুলাই সনদের নানা বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। বিশেষজ্ঞদের সঙ্গেও কমিশনের আলোচনা হয়।
সব দলের মতামত পর্যালোচনা এবং নির্ভুল আকারে জুলাই সনদ লিখিত আকারে চূড়ান্ত করে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সনদের চূড়ান্ত কপি সব রাজনৈতিক দলের কাছে তুলে দেওয়া হয়।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৭ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন