জামালপুর, ২৮ জুলাই – সংস্কার করতে যারা বাধা দেবে তাদেরকে দেশবাসী মনে রাখবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেষ্ঠ্য যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
সোমবার (২৮ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রা শেষে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন।
বিশ্বমঞ্চে বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক মেলবন্ধন: এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে এল বড় সব সিদ্ধান্ত
তাসনিম জারা বলেন, ‘যেই ব্যবস্থার কারণে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী নিজের নাগরিকদের গুম করেছে বিগত বছরগুলোতে, খুন করেছে নির্বিচারে—সেই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হতেই হবে। আমরা আর ওই ব্যবস্থায় ফেরত যাব না, যেখানে প্রধানমন্ত্রী একছত্র ক্ষমতা থাকলে সেসকল প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে নিজের পছন্দমতো ব্যবহার করে। সেই জন্যই বার বার সংস্কারের কথা আমরা বলছি, আপনারা বলছেন। এর আগেও বহুবার মানুষ রাস্তায় নেমেছে, রক্ত দিয়েছে, কিন্তু সংস্কারের ব্যাপারে প্রতারিত হয়েছে, এইবার আমরা আর প্রতারিত হবো না।’
তিনি আরও বলেন, ‘আপনাদের সাহসী সন্তানরা গত বছর দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল। দেশের আনাচে কানাচে তারা বুকে সাহস নিয়ে গুলির মুখে দাঁড়িয়েছিল। সেটা শুধুমাত্র ক্ষমতার চেহারা পরিবর্তনের জন্য না। যাতে ব্যবস্থাটা পরিবর্তন হয়, যাতে ব্যবস্থাটা রাষ্ট্রের সকল নাগরিকদের জন্য হয়। শুধুমাত্র কোনো দলের, কোনো পক্ষের বা কোনো পরিবারের স্বার্থে যাতে কাজে না লাগে, পুরো রাষ্ট্র যন্ত্র যাতে নাগরিকের অধিকার সমুন্নত রাখে। সেই লক্ষেই আমরা আপনাদের কাছ থেকেই শুনেছি, জুলাই সনদ প্রয়োজন, সংস্কার প্রয়োজন।’
এর আগে সকালে জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। বেলা ১১টার দিকে তারা হরিজন পল্লীর সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং জামিয়া ইনআমিয়া ইসলামিয়া কওমী মাদরাসা পরিদর্শন করেন। পরে শহরের তমালতলা মোড় থেকে পদযাত্রা শুরু হয়, যা বকুলতলা হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন পদযাত্রা।




মন্তব্য করুন