ঢাকা, ২২ ডিসেম্বর – ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের দেওয়া গানম্যান (নিরাপত্তারক্ষী) নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা জানান।
কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ
২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার বিচার এবং জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে সভাটি অনুষ্ঠিত হয়।
নুরুল হক নুর বলেন, যে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী প্রকাশ্যে পোশাক পরিহিত অবস্থায় অফিসের সামনে মানুষকে পিটিয়ে মারে এবং সেই ঘটনার বিচার আজও হয়নি, সেই সরকারের দেওয়া গানম্যান দিয়ে নিরাপত্তা নেওয়ার প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করি। যতদিন পর্যন্ত ২৯ আগস্টের ঘটনার বিচার না হবে, ততদিন পর্যন্ত আমার কোনো গানম্যানের প্রয়োজন নেই। আমি গানম্যান নেবো না।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ নির্বাচিত প্রতিনিধি হলো ডাকসু। এ ধরনের কর্মসূচি ডাকসু থেকেই হওয়া উচিত ছিল। দুঃখজনক হলেও সত্য, বহু বছর পর গঠিত এই ডাকসু আজও সর্বজনীন রূপ নিতে পারেনি। বরং এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে প্রমোট ও প্রতিষ্ঠার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে মনে হয়।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২২ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন