কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবি’র টহল দলের ওপর গুলিবর্ষণ করে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা ফেলে মিয়ানমারে পালিয়ে গেছে দুই মাদক চোরাকারবারি।
শনিবার (১৮ জুলাই) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে উখিয়ার জীম্বংখালী বিওপি’র আওতাধীন ‘ইশাকের ঘের’ এলাকায় এই ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে জীম্বংখালী বিওপি’র বিজিবি’র একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রাত ১০টা ৫ মিনিটের দিকে মিয়ানমার সীমান্ত পার হয়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া দেয়। এ সময় মাদক চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে আকস্মিক গুলিবর্ষণ করে।
জবাবে বিজিবি সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা ফাঁকা গুলিবর্ষণ করলে চোরাকারবারিরা তাদের সাথে থাকা একটি পোটলা ফেলে রেখে ঘন অন্ধকারের সুযোগে দ্রুত ধাবিত হয়ে পুনরায় মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল ওই স্থানে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পোটলাটি উদ্ধার করে। সেটি খুলে খাকী রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী ৬টি কাটে থাকা সর্বমোট ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। তবে ওই এলাকায় দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে আর কোনো অবৈধ মালামাল বা জড়িতদের পাওয়া যায়নি।
উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক জানান, সীমান্তে অনুপ্রবেশকারী ও মাদক সরবরাহকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।




মন্তব্য করুন