ওয়াশিংটন, ১৮ সেপ্টেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের আগ্রাসনকে সরাসরি গণহত্যা আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে একই সিদ্ধান্ত আসার পর তিনি একথা বলেছেন।
একইসঙ্গে ইসরায়েলকে সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রকেও আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু
সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, গাজায় ইসরায়েলের হামলা গণহত্যার শামিল। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে ফিলিস্তিনিদের ওপর এই হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগ থেকে বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছেন।
ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে জাতিসংঘের তদন্ত কমিশন ঘোষণা দেওয়ার পর বুধবার স্যান্ডার্স এ মন্তব্য করেন। স্যান্ডার্স বলেন, ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্যেই গাজাকে ধ্বংস করার আহ্বান, ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে ফেলার হুমকি এবং ক্রমবর্ধমান মৃত্যুর মিছিল ও দুর্ভিক্ষ এই সত্যকে প্রমাণ করছে।
তিনি বলেন, “হামলার উদ্দেশ্য স্পষ্ট। আর তাই সিদ্ধান্তও অনিবার্য— ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।”
এছাড়া বুধবার স্যান্ডার্সের মতোই ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেন মার্কিন কংগ্রেসওম্যান বেকা বালিন্ট। ভেরমন্ট অঙ্গরাজ্যের এই ইহুদি বংশোদ্ভূত প্রতিনিধি এক নিবন্ধে লেখেন,
“এই মুহূর্তে শিশু ও নবজাতকেরা অনাহারে মরছে, অথচ চরমপন্থি ইসরায়েলি সরকার ত্রাণ আটকে দিয়ে বেসামরিকদের ওপর হামলা চালাচ্ছে। এটি কেবল যুদ্ধের করুণ প্রাণহানি নয়, বরং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ধ্বংসের চেষ্টা।”
এদিকে স্যান্ডার্স তার বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, “আমরা যেন আর বিলিয়ন বিলিয়ন ডলার ও অস্ত্রশস্ত্র পাঠিয়ে নেতানিয়াহুর গণহত্যাকারী সরকারকে টিকিয়ে না রাখি।”
তিনি আরও বলেন, “একবার এটি গণহত্যা হিসেবে স্বীকৃতি দিলে আমাদের অবশ্যই তাৎক্ষণিক যুদ্ধবিরতি, জাতিসংঘের মাধ্যমে ব্যাপক ত্রাণ সহায়তা এবং ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে প্রথম পদক্ষেপ নিশ্চিত করতে হবে।”
স্যান্ডার্স সতর্ক করে বলেন, গাজার ভয়াবহতা শুধু ওই অঞ্চলের নয়, গোটা বিশ্বের জন্য হুমকি। তিনি বলেন, “মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ যদি বিনা শাস্তিতে চলতে থাকে, তবে আমরা বর্বরতার যুগে ঢুকে পড়ব।”
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৮ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন