নয়াদিল্লি, ০৪ অক্টোবর – অবশেষে সংঘাতের প্রায় পাঁচ মাস পর ভূপাতিত করা পাকিস্তানি যুদ্ধবিমানের ধরণ ও মডেলের নাম প্রকাশ করলো ভারত। শুক্রবার (৩ অক্টোবর) দেশটির বিমান বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং।
তিনি এর আগে পাঁচটি যুদ্ধবিমান ও একটি সামরিক বিমান ধ্বংসের দাবি করেছিলেন। তবে এবারই প্রথম ভূপাতিত বিমানের মডেলের নাম প্রকাশ করলেন।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
অমরপ্রীত সিং বলেন, আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে আমাদের কাছে একটি দূরপাল্লার হামলার প্রমাণ রয়েছে। পাশাপাশি আমাদের সিস্টেম তথ্য দিচ্ছে যে, উচ্চপ্রযুক্তির এফ-১৬ ও জেএফ-১৭ ক্লাসের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, এফ-১৬ যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান আর জেএফ-১৭ পাকিস্তান নিজস্বভাবে চীনের সহায়তায় নির্মাণ করেছে। তবে ভারতের এই দাবির বিষয়ে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি পাকিস্তানের সামরিক বাহিনী।
চলতি বছরের ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলা ঘটে। এতে ২৬ জন পর্যটক নিহত হন। ভারত অভিযোগ করে, এ হামলায় পাকিস্তান সন্ত্রাসীদের সহায়তা করেছে। তবে পাকিস্তান অভিযোগ নাকচ করে ঘটনাটির আন্তর্জাতিক তদন্তের দাবি জানায়।
সংঘাত চলাকালে পাকিস্তানি বাহিনী দাবি করে, ভারতের ‘অপারেশন সিঁদুর’র জবাবে গত ৭ মে রাতে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে তিনটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি মিগ-২৯ ও একটি এসইউ-৩০।
সংঘাত শেষে পাকিস্তান আবারও দাবি করে, তারা ভারতের মোট ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ফ্রান্সের রাফালও রয়েছে। কিছু ক্ষতির কথা স্বীকার করলেও ছয়টি বিমান হারানোর দাবি অস্বীকার করেছে ভারত।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৪ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন