দিনাজপুর, ১৭ অক্টোবর – দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় বরিশাল ও বরগুনার কার্যক্রম নিষিদ্ধ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন মারুফ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশাল জেলার উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল (৫৭) এবং বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল আলম রিপন (৪৮)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ভেলাপার ব্রিজ এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ব্যক্তিকে পুলিশ চ্যালেঞ্জ করে। তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, স্থানীয় কিছু দালালের সহায়তায় ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের অভিযানে হাফিজুর রহমান ইকবালের কাছ থেকে ১৭ হাজার টাকা এবং মাহফুজুল আলম রিপনের কাছ থেকে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে এসব টাকা তাদের স্বজনদের কাছে ফেরত দেওয়া হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৭ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন