ঢাকা, ১৮ অক্টোবর – কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
কর্তৃপক্ষ জানায়, দুবাই থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আরব আমিরাতভিত্তিক এয়ারলাইনস ফ্লাই দুবাই-এর একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ বিজ্ঞপ্তিতে জানায়, দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নিশ্চিত করা যাচ্ছে যে আগুন সম্পূর্ণ নিভে গেছে। রাত ৯টা থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে।
বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণের ধৈর্য এবং সহযোগিতার জন্য মন্ত্রণালয় আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছে।
এর আগে, শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে অন্য ইউনিট যোগ দেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করে।
এ ছাড়া আগুন নেভাতে গিয়ে ২২ জন আহত হয়েছেন। এরমধ্যে ১৫ জন আনসার সদস্য এবং সাতজন ফায়ার সার্ভিসে সদস্য রয়েছেন। শনিবার বিকেলে আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, শাহজালাল বিমানবন্দরে এখন পর্যন্ত এক হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৫ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৮ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন