কক্সবাজার পৌরসভার সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে পাঁচজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। অভিযানে ছিনতাইকৃত ১০টি মোবাইল ফোন এবং ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল গ্রামের মোহাম্মদ বাবুল (২৮),পিটি স্কুল চেয়ারম্যান ঘাটা এলাকার সাইফুল ইসলাম(২১),নতুন বাহারছড়া কানাইয়া বাজার এলাকার মোঃ সোহেল (২২),কলাতলী গ্রামের মোঃ সিদ্দিক (৪০) ও টেকপাড়া চৌমুহনী গ্রামের ইমরান সরোয়ার ইমন (২৫)।
পুলিশ জানায়, রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় সিএনজিযোগে আসা ছিনতাইকারীরা এক পর্যটককে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই বিষয়টি কক্সবাজার জেলা পুলিশের নজরে এলে তাৎক্ষণিকভাবে সদর মডেল থানার একটি বিশেষ আভিযানিক দল একাধিক স্থানে অভিযান পরিচালনা করে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ছিনতাইয়ের শিকার হয়েছিলেন টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার নাহালি গ্রামের বাসিন্দা সাইফুল্লাহ (২২)।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
এ ব্যাপারে কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, “পুলিশ অত্যন্ত দ্রুত ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে অভিযুক্তদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পর্যটকদের নিরাপত্তা রক্ষায় কক্সবাজার জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় দায়ের করা মামলা – এফআইআর নম্বর: ৪৭, তারিখ: ১৯ অক্টোবর ২০২৫; ধারা ৩৯৪ (ডাকাতি চলাকালে আঘাতের প্রয়োগ) – পেনাল কোড ১৮৬০ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানায়, ছিনতাইকারীদের বিরুদ্ধে আরও পুরোনো অপরাধ রেকর্ড যাচাই করা হচ্ছে এবং এ ধরনের অপরাধে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।




মন্তব্য করুন