ঢাকা, ২০ অক্টোবর – বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক–কর্মচারীদের বাড়ি ভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। দাবি আদায়ে মঙ্গলবার (২১ অক্টোবর) মুখে কালো কাপড় বেঁধে রাজধানীতে মিছিল করবে সংগঠনটি।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনস্থলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
তিনি বলেন, আজ থেকে আমাদের কর্মসূচি আমরণ অনশনে রূপ নিয়েছে। এরইমধ্যে চারজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রায় সবাই অসুস্থ। এ অনশনে যদি কোনো প্রাণহানি ঘটে, এর দায়ভার নিতে হবে শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারকে।
অধ্যক্ষ আজীজি অভিযোগ করেন, আপনারা যদি আবরার সাহেবের কূটচালে পা দিয়ে শিক্ষকদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ান, তাহলে সারা দেশ থেকে লং মার্চ করে তার অফিসে তালা দেওয়া হবে। আমরা আবরারের কোনো সিদ্ধান্ত মানি না, তাকে উপদেষ্টা হিসেবেও মানি না। তিনি যদি চান, তাহলে দাবি মেনে প্রজ্ঞাপন দিতে হবে, নয়তো তাকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়তে হবে।
তিনি আরও জানান, যারা শহীদ মিনারে উপস্থিত হতে পারবেন না, তারা প্রতিদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা ও উপজেলা সদরে অবস্থান কর্মসূচি পালন করবেন।
অধ্যক্ষ আজীজি বলেন, আমরা শুনেছি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ চলছে। শিক্ষক ভাইদের অনুরোধ করব—এই প্রশিক্ষণ বন্ধ করে আপনারা আন্দোলনে যোগ দিন। আবরারের অধীনে কোনো প্রশিক্ষণ হতে পারে না।
উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা এবং উৎসবভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে ১২ অক্টোবর থেকে আন্দোলনে আছেন শিক্ষক-কর্মচারীরা।
সেদিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হলেও দুপুরে পুলিশের অনুরোধে তারা শহীদ মিনারে যান। পরে পুলিশের সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিপেটায় একপর্যায়ে শিক্ষকরা সরে যান। ওই ঘটনার প্রতিবাদে ১৪ অক্টোবর থেকে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলছে। শিক্ষক-কর্মচারীরা এরপর থেকে জাতীয় প্রেস ক্লাব ও শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে লংমার্চ ও শাহবাগ অবরোধসহ ধারাবাহিক কর্মসূচি পালন করছেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২০ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন