জেরুজালেম, ২২ অক্টোবর – ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজা ও পশ্চিম তীরে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়।
হামলায় ধ্বংস হয়েছে শতাধিক স্কুল ও বিশ্ববিদ্যালয় ভবন। আহত হয়েছেন আরও ৩১ হাজারেরও বেশি শিক্ষার্থী। মঙ্গলবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
মঙ্গলবার প্রকাশিত এক পরিসংখ্যানে ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজায় ১৯ হাজার ৯১০ জন এবং পশ্চিম তীরে আরও ১৪৮ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।
একই সময়ে গাজায় ৩০ হাজার ৯৭ জন শিক্ষার্থী ও পশ্চিম তীরে ১ হাজার ৪২ জন আহত হয়েছেন বলেও জানায় মন্ত্রণালয়।
এতে আরও বলা হয়, হামলায় গাজা ও পশ্চিম তীরে অন্তত ১ হাজার ৩৭ জন শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ হাজার ৭৪০ জন, আর গ্রেপ্তার করা হয়েছে ২২৮ জনের বেশি শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাকে।
পশ্চিম তীরেও পরিস্থিতি ভয়াবহ। হেবরন ও তুবাসে দুটি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আর বারবার ইসরায়েলি অভিযানে আটটি বিশ্ববিদ্যালয় ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৮ হাজার ২০০ জনেরও বেশি মানুষ। অন্যদিকে আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার ৩০০ জন।
অধিকৃত পশ্চিম তীরেও একই সময়ে হামলা বেড়েছে উদ্বেগজনক হারে। সেখানে অন্তত ১ হাজার ৫৬ জন ফিলিস্তিনি নিহত, প্রায় ১০ হাজার ৩০০ জন আহত এবং আরও ২০ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১ হাজার ৬০০ জন শিশু।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২২ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন