ঢাকা, ২৩ অক্টোবর – বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে বিদেশে থাকা বাংলাদেশি করদাতারা মোবাইল ফোনের পরিবর্তে ই-মেইলের মাধ্যমে ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) গ্রহণ করে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, সাধারণত ই-রিটার্ন পোর্টালে নিবন্ধনের সময় করদাতার বায়োমেট্রিক নিবন্ধিত বাংলাদেশের মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হয়। প্রবাসীদের ক্ষেত্রেও একই পদ্ধতি বহাল থাকায় বিদেশে থাকা অনেক করদাতা ই-রিটার্ন দাখিলে সমস্যায় পড়ছিলেন। এই সমস্যা সমাধানে এখন তাদের নিজস্ব ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা চালু করা হয়েছে।
এনবিআর জানায়, বিদেশে থাকা করদাতারা এখন তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসা-সিলের কপি, ই-মেইল ঠিকানা এবং ছবি সংযুক্ত করে [email protected] ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন। আবেদন যাচাইয়ের পর এনবিআর থেকে তাদের ই-মেইলে ওটিপি এবং রেজিস্ট্রেশন লিংক পাঠানো হবে। এর মাধ্যমে তারা সহজেই ই-রিটার্ন পোর্টালে নিবন্ধন করে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত ৮ লাখ ৫০ হাজারের বেশি আয়কর রিটার্ন অনলাইনে দাখিল হয়েছে। এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।




মন্তব্য করুন