ঢাকা, ২৭ অক্টোবর – বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের (এমডিএফ) ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় আইজিডব্লিউ অপারেটর্স ফোরামের (আইওএফ) নির্বাহী কমিটির ১২ কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করে পর জামিন পেয়েছেন।
কর্মকর্তারা সোমবার (২৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করেন। এসময় আসামিপক্ষে আইনজীবী মহসিন মিয়া জামিন আবেদন করেন। অন্যদিকে সরকারি কৌঁসুলি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করলেও শুনানি শেষে প্রত্যেকের পাঁচ হাজার টাকা মুচলেকায় আদালত জামিন মঞ্জুর করেন।
ইনানীতে রিসোর্টে আগুন: চোখের পানিতে বিদায় নিলেন ফতুল্লায় একই পরিবারের তিনজন
জামিন পেয়েছেন সৈয়দ মঈনুল হক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হান্নান, আশিক আহমেদ, গাজী মো. সালাহউদ্দিন, হাফিজুর রহমান, খালিদ ইসলাম, মাহতাবুল আমিন, সোহেল শরীফ, তাজিন আলম, নাদির শাহ কোরেশী, মীর নাসির হোসেন ও মুসফিক মনজুর।
মামলার অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে গঠিত আইওএফ আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) খাতকে নিয়ন্ত্রণে নিয়ে সংশ্লিষ্ট লাইসেন্সের শর্ত ভঙ্গ ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ কুক্ষিগত করে। নেটওয়ার্ক উন্নয়নের লক্ষ্যে আদায় করা মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের অর্থ ব্যবহারেও ছিল অনিয়মের ছাপ।
আইজিডব্লিউ পরিচালনার লাইসেন্স না থাকলেও সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডের ব্যাংক হিসাবে প্রতি মাসে বিপুল অঙ্কের অর্থ জমা দিতে হতো সংশ্লিষ্ট অপারেটরদের। অর্থ কোথায় ব্যয় হয়েছে, সে বিষয়ে অপারেটররা ছিলেন অজ্ঞাত।




মন্তব্য করুন