ঢাকা, ০৩ নভেম্বর – যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আসামি করে ঢাকার আদালতে মানহানির মামলা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে ডিবিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
গড় আয়ুতে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
বাদীর আইনজীবী মো. মেহেদী হাসান জুয়েল প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন সময় বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে আসছেন। আমরা মনে করেছি এখন এর লাগাম টেনে ধরা দরকার। এজন্য মানহানি মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আসামি নাসীরুদ্দীন পাটওয়ারী আন্দোলনের নেতৃত্বদানকারী দল বিএনপি ও বিএনপির নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, তথ্য বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারে লিপ্ত হয়েছেন।




মন্তব্য করুন