ইসলামাবাদ, ১২ নভেম্বর – পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি ইসলামাবাদে বোমা হামলার পর কাবুলকে ‘যুদ্ধের’ হুঁশিয়ারি দিয়েছেন। আফগান তালেবান সরকারকে পাকিস্তানে সহিংসতার জন্য দায়ী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ এনে আসিফ হুমকি দিয়েছেন, ইসলামাবাদ ‘বাধ্য হয়ে আফগানিস্তানে হামলা চালাতে পারে।’
আসিফের এই মন্তব্য আসে মঙ্গলবার ইসলামাবাদে সংঘটিত আত্মঘাতী বোমা হামলার পর, যাতে ১২ জন নিহত ও ৩৬ জন আহত হন। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘আফগানিস্তানে সন্ত্রাসী ঘাঁটিগুলোর ওপর হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং মঙ্গলবারের হামলার পর কাবুলের সঙ্গে যুদ্ধও একেবারে অসম্ভব নয়।’
তিনি আফগানিস্তানের পক্ষ থেকে হামলার নিন্দাকে ‘রাজনৈতিক নাটক’ বলে উল্লেখ করেন এবং দাবি করেন, পাকিস্তানি বাহিনীর হাতে নিহত সন্ত্রাসীদের অধিকাংশই আফগান নাগরিক।
আসিফ বলেন, ‘আমরা মঙ্গলবারের হামলার পর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। এই সব সন্ত্রাসীরা সেখান (আফগানিস্তান) থেকেই এসেছে।
তাই এই দুই হামলাই আসলে আফগানিস্তানের দিক থেকে আসন্ন আগ্রাসনের ভূমিকা, যা আসলে ভারতেরই আগ্রাসন—যা আফগানিস্তানের মাধ্যমে আমাদের দেশে চালানো হচ্ছে।’
তিনি ভারত ও আফগানিস্তান উভয়কেই সতর্ক করে দিয়ে বলেন, ‘পাকিস্তান একইভাবে জবাব দেবে। পাকিস্তান কখনো কোনো সামরিক অভিযান শুরু করবে না, তবে কেউ আগ্রাসন চালালে আমরা চুপ করে থাকব না—দৃঢ়ভাবে জবাব দেওয়া হবে।’
এর আগেও আসিফ দাবি করেছিলেন, আফগানিস্তান ‘ভারতের প্রোক্সি যুদ্ধ’ লড়ছে, বিশেষ করে ডুরান্ড লাইনের বরাবর।
অনলাইনে ছড়িয়ে পড়া অন্য আরেকটি সাক্ষাৎকারে আসিফ বলেন, ‘ইসলামাবাদে হামলা চালিয়ে আফগানিস্তান যুদ্ধের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে।
সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ১২ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন