খুলনা, ২০ নভেম্বর – বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না। আল্লাহ আমাদের সঠিক পথ দেখানোর জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন। কোরআনে বলা হয়েছে কোন কাজ করা উচিত এবং কোন কাজ বর্জন করতে হবে। আমরা শুধু মানুষের সামনে সেই বিষয়গুলো তুলে ধরি।
কোরআনের জ্ঞান না থাকার কারণেই বিরোধীরা এমন ভুল ধারণা ও অপপ্রচার ছড়ায়।’
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে খুলনা-৫ আসনের আটরা-গিলাতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজিত মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ জানিয়ে বলেন, ‘তালিম প্রোগ্রাম ও ধর্মীয় অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের বাধা প্রদান এখন নিয়মিত ঘটনা। আওয়ামী লীগ ইসলামী গণজাগরণ রুখতে যেমন জামায়াতকে কখনো রাজাকার, কখনো জঙ্গি ট্যাগ দিত; এখন বিএনপিও একই ভূমিকা পালন করছে।
এতে তারা মূলত ইসলামকে বাধাগ্রস্ত করছে এবং জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়ছে।’
তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের পক্ষে জনসমর্থন বৃদ্ধি পেয়েছে। এ কারণে অনেকেই অস্থিরতা সৃষ্টি করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনি যদি একটি মার্কায় কাজ করতে পারেন, আমিও অন্য একটি মার্কায় কাজ করার অধিকার রাখি। আল্লাহর আইনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার বিষয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বোঝাতে হবে।’
সমাবেশে ওয়ার্ড সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা। এ ছাড়া স্থানীয় নেতৃবৃন্দও বক্তৃতা করেন। এর আগে সকালে মিয়া গোলাম পরওয়ার শিরোমণির ডাকাতিয়া গ্রামে গণসংযোগ এবং রাতে সাজিয়াড়া শামসুল উলুম মাদরাসার ১০৫তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন।
সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ২০ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন