ঢাকা, ২১ নভেম্বর – ভূমিকম্পে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন তিনি।
ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা
ঢামেক হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে শিশু ও নারীসহ অনেকেই আহত হয়েছেন এবং সবার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করছে সরকার।
তিনি বলেন, দুপুর ২টা পর্যন্ত ঢাকা মেডিকেলে ৩৯ জন চিকিৎসা নিয়েছেন। আর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।
এদিকে, জুমার নামাজের আগ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর জানায়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহত তিনজনের একজন প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম। সেখানে আহত দশজন চিকিৎসাধীন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) এ এইচ এম মইনুল আহসান জানান, অনেকেই আতঙ্কিত হয়ে লাফ দিয়ে আহত হয়েছেন। সব হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে। সব ওষুধ সরকার থেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি মনিটর করছে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২১ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন