ইসলামাবাদ, ০২ ডিসেম্বর – পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বোন উজমা খান। মঙ্গলবার কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘‘ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন।’’
এর আগে, আদিয়ালা কারা কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে উজমা খানকে সাক্ষাতের অনুমতি দেয়। উজমার সঙ্গে কারাগারের বাইরে বিপুলসংখ্যক পিটিআই সমর্থক জড়ো হয়েছিলেন।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উজমা খান বলেন, ‘‘ইমরান খানের স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে। তবে তিনি খুব ক্ষুব্ধ এবং বলেছেন, তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে।’’
তিনি বলেন, তার ভাইকে সারাদিন কক্ষে রাখা হয়, অল্প কিছু সময়ের জন্য বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয় এবং কারও সঙ্গে যোগাযোগের সুযোগ নেই। উজমা বলেন, কারাগারে সাক্ষাতে প্রায় ৩০ মিনিট ধরে তাদের দুজনের মাঝে কথা হয়েছে।
৭২ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে দেশটির সংসদে অনাস্থা ভোটে পদচ্যুত হওয়ার পর একের পর এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। যদিও ইমরান খান দাবি করেছেন তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি বলেছেন, গত ২৭ অক্টোবরের পর থেকে কেউই ইমরান খান কিংবা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে পারেননি। সাক্ষাতের দাবিতে গত কয়েক দিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন পিটিআইয়ের নেতাকর্মীরা। মঙ্গলবার পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ফৌজদারি কার্যবিধির ধারা ১৪৪ জারি করা হয়।
এর আগে মঙ্গলবার সকালের দিকে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেন, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা কঠোরভাবে কার্যকর করা হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইসলামাবাদ হাইকোর্ট কিংবা আদিয়ালা কারাগারের সামনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হলে ১৪৪ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি পিটিআই-মর্থিত সংসদ সদস্যদের আইন মেনে চলার আহ্বান জানান।
তালাল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই শহরে ধারা ১৪৪ জারি করা হয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০২ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন