ঢাকা, ০৫ ডিসেম্বর – যুক্তরাজ্য থেকে দেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এরই মধ্যে তিনি লন্ডনে বিমানবন্দরে চেক ইন করেছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তার ফ্লাইট ছেড়েছে।
ধারণা করা হচ্ছে, ডা. জুবাইদা লন্ডনে উন্নত চিকিৎসার জন্য শাশুড়ি খালেদা জিয়াকে নিতে আসছেন। জুবাইদা রহমান ঢাকায় আসার পর উন্নত চিকিৎসার জন্য কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুক্রবার লন্ডনে নেওয়া হতে পারে।
হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জোবাইদা রহমানের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। পরে শাশুড়িকে দেখতে সরাসরি ঢাকার এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। খালেদা জিয়ার সঙ্গে লন্ডনযাত্রায়ও শরিক হতে পারেন চিকিৎসক জোবাইদা।
এদিকে, বিএনপির আরেকটি সূত্র জানায়, ডা. জুবাইদা রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি লন্ডন-ঢাকা ফ্লাইটে দেশে ফিরছেন। ৫ ডিসেম্বর) শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে, তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানান, ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে সার্বিক সমন্বয় করে যাচ্ছেন। তিনি আজই (বৃহস্পতিবার) দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়ে কাল (শুক্রবার) সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন, যেন সঙ্গে থেকে খালেদা জিয়াকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যেতে পারেন।
প্রসঙ্গত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় ২ সপ্তাহ ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া। গত রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এরপর চিকিৎসাধীন থাকাকালীনই তার শারীরিক অবস্থার অবনতি হয়। তবে, তিনি চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এরই মাঝে গত ১ ডিসেম্বর খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৫ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন