ঢাকা, ০৮ ডিসেম্বর – চব্বিশের গণআন্দোলন সমাজে একটি নতুন ‘নৈতিক জাগরণ দিয়েছে’ বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেছেন, জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ দেখিয়ে দিয়েছে যে অন্যায় ও দমন-পীড়নের কাঠামো স্থায়ী নয়।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
সোমবার বিকেলে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আয়োজিত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মারক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আন্দোলন পরবর্তী দেশকে নতুন পথ দেখাতে চারটি অগ্রাধিকারের কথা তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও আত্মশুদ্ধি, দুর্নীতিবাজ ও মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরপেক্ষ আইনগত ব্যবস্থা, স্বাধীন ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গঠন এবং গণমাধ্যম-নাগরিক সমাজ ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। রাষ্ট্র ও সমাজ যখন একই লক্ষ্য নিয়ে কাজ করবে, তখনই দুর্নীতি ও অন্যায়ের এই ‘দুষ্টচক্র’ ভাঙা সম্ভব হবে।
দেশে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও বিচারহীনতার দীর্ঘমেয়াদি ‘দুষ্টচক্র’ বহু বছর ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিয়েছে বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক।
এ সময় সৈয়দ ইশতিয়াক আহমেদের পুত্র, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৮ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন