কক্সবাজার, ৭ ফেব্রুয়ারি – লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম দাবি করেছেন যে তিনিই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা দিতে বলেছিলেন।
শুক্রবার রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কক্সবাজার ২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।
মাল্টা-খেজুরের সরবরাহ বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বক্তব্যে অলি আহমেদ বলেন, আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা করতে বলেছিলাম। আমাদের মধ্যে তৎকালীন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন মেজর মীর শওকত আলী। তিনি লিখে গেছেন যে এই অফিসার অর্থাৎ ক্যাপ্টেন অলি আহমেদই জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা দিতে বলেছিলেন। আমি যদি উনাকে দেওয়ান হাট থেকে না নিয়ে আসতাম তবে পাঁচ মিনিট পরেই তাকে হত্যা করে কর্ণফুলী নদীতে ভাসিয়ে দেওয়া হতো।
মুক্তিযুদ্ধে প্রথম বিদ্রোহ প্রসঙ্গে এলডিপি চেয়ারম্যান বলেন, এটি আমার জীবনের শেষ যুদ্ধ। প্রথমে যুদ্ধ করেছিলাম আপনাদের স্বাধীন করার জন্য। তখন ক্যাপ্টেন অলি আহমেদ হিসেবে প্রথম বিদ্রোহ করেছিলাম এবং আমার আগে কেউ বিদ্রোহ করতে পারেনি। এই দাবির পক্ষে দালিলিক প্রমাণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেনা সদর দপ্তরে সংরক্ষিত নথিতে জিয়াউর রহমানের নিজের হাতে লেখা আছে যে ক্যাপ্টেন অলি আহমেদ ২৫ মার্চ বা ২৬ মার্চ রাতে অষ্টম বেঙ্গল নিয়ে বিদ্রোহ করেছেন।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির কিছু অশিক্ষিত লোক জামায়াতে ইসলামীর আমিরকে নিয়ে কটাক্ষ করে কারণ তারা লেখাপড়া করে না। আমি যেদিন বিএনপি ছেড়ে এসেছি সেদিনই তাদের রাজনৈতিক কবর রচিত হয়েছে। দালালদের সরকার এ দেশে আর হবে না।
সমাবেশে জোটের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬




মন্তব্য করুন