ইউক্রেন, ১২ ফেব্রুয়ারি – ইউক্রেনজুড়ে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ, ডিনিপ্রো এবং ওডেসা শহরে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, রাশিয়া শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দেশটির জ্বালানি ব্যবস্থায় আঘাত হেনেছে।
এর ফলে সাধারণ মানুষ বিদ্যুৎ, তাপ এবং পানি সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, রাজধানীতে ব্যাপক হামলায় দুজন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি টেলিগ্রামে উল্লেখ করেন যে শহরকে বিভক্তকারী ডিনিপ্রো নদীর দুই তীরের আবাসিক ও অনাবাসিক ভবনে আঘাত হানা হয়েছে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। আঞ্চলিক গভর্নর ওলেকসান্ডার গাঞ্জা জানান, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিনিপ্রো শহর ও এর আশেপাশের জেলায় হামলায় একটি ছেলে শিশু ও চার বছর বয়সী এক মেয়েসহ মোট চারজন আহত হয়েছে। কৃষ্ণ সাগরের তীরবর্তী ওডেসা শহরেও ড্রোন হামলায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
নগরীর সামরিক প্রশাসনের প্রধান সেরহি লাইসাক জানান, সেখানে একটি অবকাঠামো ও একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ফলে শহরের একটি বাজারের প্যাভিলিয়নে আগুন ছড়িয়ে পড়ে এবং একটি সুপারমার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়। ওডেসা জেলার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার নিশ্চিত করেছেন যে সেখানকার জ্বালানি অবকাঠামোতেও আঘাত লেগেছে। পররাষ্ট্রমন্ত্রী সিবিহা মন্তব্য করেছেন যে এই ধরনের হামলা যুদ্ধের অবসানে চলমান শান্তি প্রচেষ্টার ওপর সরাসরি আঘাত। তিনি রাশিয়াকে কূটনীতিকে গুরুত্ব দিতে এবং উত্তেজনা কমাতে বাধ্য করার আহ্বান জানান। যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনীয় ও রুশ কর্মকর্তারা আবুধাবিতে বৈঠক করলেও দোনেৎস্ক অঞ্চল নিয়ে মতপার্থক্যের কারণে আলোচনা ফলপ্রসূ হয়নি।
এর মধ্যেই তীব্র শীতের প্রকোপের মাঝে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে রুশ আক্রমণ অব্যাহত রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার মন্তব্য করেছেন যে যুদ্ধ শেষ করতে হলে যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়ার ওপর আরও কঠোর চাপ প্রয়োগ করা।
এ এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬




মন্তব্য করুন