ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন যে বাংলাদেশের জনগণ সরকারের প্রতি অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।
সরকার তখনই ভালো করবে যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন। দেশকে নিজেদের প্রথম ও শেষ ঠিকানা উল্লেখ করে তিনি বলেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই সেই ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা জরুরি।
মাল্টা-খেজুরের সরবরাহ বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
স্বাস্থ্য ও শিক্ষা খাত, নারী শিক্ষা, কর্মসংস্থান এবং ক্রীড়াসহ ইশতেহারে উল্লিখিত সব এজেন্ডা বাস্তবায়নে তিনি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেন। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতি দূরীকরণে কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা বজায় রাখার এবং সরকারি নিয়ম নীতি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্দী আমিন উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং কার্যালয়ের কার্যাবলি তুলে ধরেন মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।
এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬




মন্তব্য করুন