সিদ্ধিরগঞ্জ, ৮ মার্চ – নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডে ছিনতাইয়ের চেষ্টার সময় গণপিটুনিতে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। আজ সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ই তলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৬ বছর। এ ঘটনার সময় নিহতের সঙ্গে থাকা দুই সহযোগী ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে করে এসে এক পথচারীর গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় ওই পথচারীর চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে তাদের ঘিরে ফেলে। ছিনতাইকারী দলের দুজন দৌড়ে পালিয়ে গেলেও একজন জনতার হাতে ধরা পড়েন। বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান ৩ নম্বরে: বাতাসে চরম স্বাস্থ্যঝুঁকি
একপর্যায়ে উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ওই ছিনতাইকারীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধারের পাশাপাশি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এস এম/ ৮ মার্চ ২০২৬




মন্তব্য করুন