ঢাকা, ২৬ মে – পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাত দিনের দীর্ঘ সরকারি ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা এখন প্রায় জনশূন্য। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিপুল সংখ্যক মানুষ শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ায় ব্যস্ত এই মহানগরী ফিরে পেয়েছে তার শান্ত ও নিরিবিলি রূপ। চিরচেনা যানজট ও কর্মব্যস্ততার বদলে সড়কে এখন বিরাজ করছে নিস্তব্ধতা।
সরকারি ঘোষণা অনুযায়ী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি চলছে। তবে ছুটির সমন্বয়ের অংশ হিসেবে গত ২৩ মে শনিবার অফিস খোলা রাখা হয়েছিল। দীর্ঘ এই বিরতি শেষে আগামী ১ জুন সোমবার থেকে পুনরায় স্বাভাবিক হবে অফিস আদালত ও ব্যাংকিং কার্যক্রম।
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান ৩ নম্বরে: বাতাসে চরম স্বাস্থ্যঝুঁকি
ছুটির দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর, বনানী ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ভিন্ন এক চিত্র।
সাধারণ সময়ে যেসব সড়কে দীর্ঘ যানজট লেগে থাকে, এখন সেখানে যানবাহনের চলাচল অত্যন্ত সীমিত। মাঝে মাঝে কিছু ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলতে দেখা গেলেও তা ছিল সংখ্যায় অনেক কম। সড়কে গণপরিবহনের সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমেছে।
বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলোকে দীর্ঘ সময় স্টপেজে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যাত্রীর অপেক্ষায় থাকা বাসের চালক ও সহকারীরা জানান, শহরের অধিকাংশ মানুষ বাড়িতে চলে যাওয়ায় তারা পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না।
এনএন/ ২৬ মে ২০২৬




মন্তব্য করুন