কক্সবাজারের টেকনাফে প্রথমবারের মতো জেলার ও উপজেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অপহরণ, মাদক, মানবপাচার, অবৈধ অস্ত্র উদ্ধার, সীমান্ত নিরাপত্তা এবং অনলাইন জুয়া বন্ধে সমন্বিতভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল মান্নান। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
সভা পরিচালনা করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী। এতে রামু সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, র্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ানুল হালিম খান, কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেল মণ্ডল, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় টেকনাফের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় অপহরণ, মাদক ও মানবপাচার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দুর্গম পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান পরিচালনা, অবৈধ অস্ত্র উদ্ধার, সীমান্তে নজরদারি জোরদার এবং অনলাইন জুয়া বন্ধে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
জননিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।সভায় বিজিবি, পুলিশ, র্যাব, কোস্ট গার্ড, এপিবিএন, জেলা প্রশাসন, বন বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সীমান্তবর্তী টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। অপহরণ, মাদক ও মানবপাচারের মতো অপরাধ প্রতিরোধে আরও কার্যকর ও ধারাবাহিক অভিযান পরিচালনা করা হবে।




মন্তব্য করুন