টানা কয়েক দিনের ভারী বর্ষণে কক্সবাজারের পেকুয়া উপজেলার সবকটি ইউনিয়নের হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেক পরিবারের চুলা জ্বলছে না, রান্না করতে না পেরে চরম দুর্ভোগে দিন কাটছে তাদের।
এমন পরিস্থিতিতে শুক্রবার (১০ জুলাই) মগনামা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ পানিবন্দী পরিবারের মাঝে নিজ উদ্যোগে শুকনো খাবার বিতরণ করেন মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম।
এ সময় তিনি পানিবন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেন এবং তাদের খোঁজখবর নেন।
ত্রাণসামগ্রী পেয়ে স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা কয়েকদিন ধরে পানিবন্দী অবস্থায় আছি। এই দুর্দিনে মেম্বার বদি আমাদের পাশে দাঁড়িয়েছেন, খাবার পৌঁছে দিয়েছেন এবং আমাদের খোঁজখবর নিয়েছেন। এতে আমরা অনেকটা স্বস্তি পেয়েছি।
টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক
মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, টানা ৬-৭ দিনের ভারী বর্ষণে মগনামা ইউনিয়নের অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে, এমনকি অসংখ্য পরিবারের রান্নাবান্নাও বন্ধ রয়েছে। মানুষের এই দুর্ভোগ দেখে আমি ব্যক্তিগত উদ্যোগে সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজ ৩০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।




মন্তব্য করুন