ঢাকা, ২৭ আগস্ট – জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন হবে আজ বুধবার (২৭ আগস্ট)। সূচনা বক্তব্যের মধ্য দিয়েই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে এই বক্তব্য উপস্থাপন করা হবে। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ারও কথা রয়েছে।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
এর আগে, গত ৬ আগস্ট ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এদের মধ্যে ছয়জন গ্রেপ্তার রয়েছেন এবং বাকিরা পলাতক। পলাতক ২৬ আসামির পক্ষে গত ২২ জুলাই রাষ্ট্রীয় খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
গ্রেপ্তার হওয়া ছয়জন আসামি হলেন—এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। তাদের উপস্থিতিতেই প্রসিকিউশন আজ সূচনা বক্তব্য উপস্থাপন করবে।
গত ৩০ জুলাই পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চার আইনজীবী শুনানিতে অংশ নেন। তাদের মধ্যে পাঁচজনের পক্ষে ছিলেন আইনজীবী সুজাত মিয়া। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী মামুনুর রশীদ। অন্যদিকে, আইনজীবী ইশরাত জাহান ও শহিদুল ইসলাম আরও কয়েকজন আসামির পক্ষে বক্তব্য দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন গাজী এমএইচ তামিম, মিজানুল ইসলাম, মঈনুল করিম এবং আবদুস সাত্তার পালোয়ান।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৭ আগস্ট ২০২৫




মন্তব্য করুন