ঢাকা, ২৬ নভেম্বর – আগামী জাতীয় সংসদ নির্বাচন কেউ প্রতিহত করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীতে বিজিবি সদর দপ্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
নাসির উদ্দীন বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতিমূলক কাজগুলো প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের মাঠে শান্তিশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি থাকবে ইসির।
তিনি আরও বলেন, প্রতিটা আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। তাই আশা করছি আইনশৃঙ্খলা রক্ষা করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।
সিইসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পারফেক্ট লেভেলে চলে গেছে বলে মনে করি না। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোকে সবুজ, হলুদ ও লাল—এই তিন শ্রেণিতে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কী ধরনের বাহিনী মোতায়েন হবে, তা চলতি মাসের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে।
সিইসি বলেন, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে কারও পক্ষে নির্বাচন প্রতিহত করার ঘোষণা সফল করা সম্ভব নয়।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৬ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন