জেরুজালেম, ০৮ আগস্ট – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বৃদ্ধ, শিশু ও নারীরাও রয়েছেন।
এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা ৬১ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু
বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।
এর মধ্যে গাজা শহরের উত্তর-পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে হামলায় তিনজন নিহত হন। উত্তর গাজার শেখ রিদওয়ান এলাকায় এক বৃদ্ধ এবং দুই নারী নিহত হন।
পূর্ব গাজার আল-তুফাহ এলাকায় এক নারী নিহত হন। একই এলাকায় একটি তাঁবুতে আশ্রয় নেওয়া এক পরিবার — পিতা, মাতা ও চার শিশু — ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি অ্যাপার্টমেন্টে হামলায় চারজন নিহত হয়। নিহতদের মধ্যে দুইজনই শিশু।
২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৬১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষের মুখে পড়েছে।
গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।
পাশাপাশি গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও মামলা চলছে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৮ আগস্ট ২০২৫




মন্তব্য করুন