ঢাকা, ০১ সেপ্টেম্বর – গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই। আমি দু-একটা পত্রিকায় এটি দেখেছি। আর অনলাইনে এটা নিয়ে নানা গুজব-গুঞ্জন হয়েছে, দেখেছি। এসব গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নেই।
সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
উপদেষ্টা বলেন, আর্মি চিফ আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে মাঝেমধ্যেই দেখা করেন। রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেছেন। তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু আছে।
অনেকে ভাবছে কেয়ারটেকার সরকার হবে— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইন উপদেষ্টা বলেন, আমি এ ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত নই।
তিনি বলেন, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতেই নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকেও সেরকম ইন্সট্রাকশন দেওয়া হয়েছে। উনারা সব পদক্ষেপ গ্রহণ করছেন। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে, মতভেদ রয়েছে, আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বৈঠক করেন। এরপর বিভিন্ন দাবি ও বক্তব্যের কথা এসেছে। এ বিষয়ে করা প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তি রাজনৈতিক দলগুলোর বিচার-বিবেচনা বোধের প্রতি আস্থা রয়েছে। এর আগেও বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ হয়েছে, মতবিরোধ শেষও হয়েছে। তিনি মনে করেন বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকলেও প্রয়োজনীয় মুহূর্তে তাদের মধ্যে ঐক্য দেখতে পাবেন।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০১ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন