ঢাকা, ০২ সেপ্টেম্বর – রাজধানীর পল্টনে রাজনৈতিক বৈঠক শেষে বের হওয়ার পর জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ সংগঠন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্টনে গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে।
এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যায় রেখেছেন।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা এক গভীর চক্রান্ত। আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশেই এটি ঘটানো হয়ে থাকতে পারে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০২ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন