ঢাকা, ২৮ সেপ্টেম্বর – বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল (জামায়াতে ইসলামী) ভারসাম্য হারিয়ে ফেলেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শনে গিয়ে জামায়াতকে নিয়ে এমন কড়া সমালোচনা করেন তিনি।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রুহুল কবির রিজভী বলেন, জামায়াতে ইসলামীর রূপ ও নাম পরিবর্তন মানুষ ভালোভাবে নেয় না। জামায়াতের নাম দেখে মনে হয় পৃথিবীর অন্য দেশেও তাদের শাখা আছে, বাংলাদেশ তার মধ্যে একটি।
সম্প্রতি জামায়াত নেতার দেওয়া ভারতের বিরুদ্ধে ৫০ লাখ লোক নিয়ে যুদ্ধের হুমকি প্রসঙ্গে রিজভী বলেন, তাদের কথা ও কাজের মধ্যে মিল নেই। ক্ষমতার জন্য মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে তারা। এসব প্রতারণাপূর্ণ কথাবার্তা।
তিনি বলেন, আমাদের সম্প্রীতির শিকড় এত গভীরে যে, এটা সহজে উপড়ে ফেলা যায় না। বাইরে থেকে নানা ষড়যন্ত্র করা হলেও আমরা একযোগে কাজ করছি বলে তারা ব্যর্থ হচ্ছে।’
তিনি আরও বলেন, নানা ষড়যন্ত্র এখনো চলছে। প্রত্যন্ত এলাকায় অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। পূজার এই সময়টাকে তারা কাজে লাগাতে ব্যস্ত। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই মদদ বহু আগে থেকেই দিয়ে আসছে একটি পক্ষ। দেশের এক ইঞ্চি জমির প্রতি যদি কেউ কুনজর দেয়, তবে তার চোখ ফুটো করে দেওয়া হবে। এদেশে হিন্দু-মুসলিমে কোনো বিভেদ নেই। আমাদের খাবার, পোশাক, চিন্তা- সব এক।
এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৮ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন